বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত রেজিস্ট্রেশন নাম্বার প্লেট যানবাহনে ব্যবহারকরণ প্রসঙ্গে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১১ মে ২০২৬ খ্রি.) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর সম্মানিত নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়কে চলাচলকারী নিবন্ধিত যানবাহনসমূহে সরকার কর্তৃক নির্ধারিত রং, ডিজাইন এবং সাইজের নাম্বার প্লেট যথাযথ স্থানে স্থাপন/লাগানোর আইনগত বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক যানবাহনে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত রেজিষ্ট্রেশন নাম্বার প্লেট এবং আরএফআইডি (RFID) ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। অনেকেই নাম্বার প্লেট যথাযথ স্থানে লাগাচ্ছেন না। আবার অনেকে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ব্যবহার না করে শুধুমাত্র পেইন্ট দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখে যানবাহন চালনা করছেন।
অপরদিকে অনেক যানবাহনের মালিক নাম্বার প্লেটের অর্থ পরিশোধ করা সত্ত্বেও বিআরটিএ থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ও আরএফআইডি (RFID) ট্যাগ সংগ্রহ না করে যানবাহন চালাচ্ছেন। তাছাড়া বর্তমানে অনেক যানবাহনের উইন্ডশীণ্ডে স্থাপিত আরএফআইডি (RFID) ট্যাগটি অকার্যকর পাওয়া যাচ্ছে। ফলে মহানগরের ট্রাফিক ম্যানেজমেন্ট করতে জটিলতা হচ্ছে।
সম্মানিত যানবাহনের মালিক ও চালকগণকে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ডিজাইন, রং এবং সাইজের নাম্বার প্লেট যানবাহনের নির্ধারিত স্থানে স্থাপন/লাগানোর জন্য আহ্বান করা হচ্ছে। এছাড়াও যানবাহনের উইন্ডশীন্ডে স্থাপিত আরএফআইডি (RFID) ট্যাগটি কার্যকর আছে কি না তা নিশ্চিত হওয়ার অনুরোধ করা হচ্ছে।
আগামী সপ্তাহ হতে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত রেজিস্ট্রেশন নাম্বার প্লেট এবং আরএফআইডি (RFID) ট্যাগ বিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা (জরিমানাসহ অন্যান্য ব্যবস্থা) নেওয়া হবে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।




