ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৬ সালের জুলাই মাসে ৫৮৯০ টি ফৌজদারি ও ৩৪১৭ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।
ডিএমপির বিজ্ঞ আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, গত জুলাই মাসে ডিএমপির মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক সর্বমোট ৫৮৯০ টি মামলা নিষ্পত্তি করা হয়। তন্মধ্যে ধৃত আসামির সংখ্যা ১০,৪৩৭ জন এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ৬,৮৬১ জন, অর্থদণ্ডের পরিমাণ ২৩ লক্ষ ৪৬ হাজার ১২০ টাকা এবং নিলাম/বাজেয়াপ্তের পরিমাণ ২ লক্ষ ৫৮ হাজার ২৩০ টাকা। জুলাই মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মহানগরে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ এবং ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৩৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘন করায় জুলাই মাসে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে দায়েরকৃত মামলার সংখ্যা ১৩৪০ টি। তন্মধ্যে আসামির সংখ্যা ১৩৪০ জন, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩৪১৭টি। আদায়কৃত অর্থদণ্ডের পরিমাণ ৮ লক্ষ ২ হাজার ৭০০ টাকা।
ডিএমপিতে কর্মরত বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক বিভিন্ন অপরাধের বিচার তাৎক্ষণিক হওয়ায় মহানগরবাসীর মনে বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস জাগ্রত হচ্ছে এবং সেইসাথে অপরাধীদের মনে ভীতি সঞ্চার হচ্ছে, যা ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখছে।





