রাজধানীর ডেমরা থানার এসআই রিয়াদ হোসেনের নিকট হতে ভয়ভীতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে আয়াত আহমেদ আননুর (২৩) নামে এক নারীকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৬:২০ ঘটিকায় ডেমরা থানার আমুলিয়া মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডেমরা থানা সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৫ তারিখে এসআই রিয়াদ হোসেন ডেমরা থানা এলাকায় টহল ডিউটিতে নিয়োজিত ছিলেন। সে সময় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে আমুলিয়া মডেল টাউন এলাকায় চোর প্রবেশের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে কাউকে না পেয়ে ফিরে আসার পর অভিযুক্ত নারী এসআই রিয়াদকে বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে কল করে বিরক্ত করতে থাকে।
পরবর্তীতে, ১৬ এপ্রিল ২০২৫ তারিখে অভিযুক্ত নারী এসআই রিয়াদের সঙ্গে স্টাফ কোয়ার্টার ব্রিজের নিচে দেখা করে জোরপূর্বক ১০,০০০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তিনি সিনিয়র অফিসারদের কাছে মিথ্যা তথ্য দিয়ে মামলার হুমকি দেন। বাধ্য হয়ে এসআই রিয়াদ তাকে উক্ত অর্থ প্রদান করেন। পরবর্তীতে অভিযুক্ত নারী নিজেই তার বোন পরিচয় দিয়ে ফোন করে বিদেশে চিকিৎসাধীন থাকার মিথ্যা তথ্য দিয়ে আরও অর্থ দাবি করেন এবং সিনিয়র অফিসারদের কাছে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান। এ ঘটনায় ১৯ জুন ২০২৫ তারিখে এসআই রিয়াদের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পর তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নারীর অবস্থান শনাক্ত করে ডেমরা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত নারী দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তিনি রাজধানীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে ভাড়া পরিশোধ না করে বাড়ির মালিকদের হুমকি দিতেন এবং ডিএমপির বিভিন্ন থানায় মিথ্যা মামলা করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




