রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মঙ্গলবার সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতির কারণে সংঘটিত দুর্ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্য শিশির কুমার বালা গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর অটোরিকশা চালককে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মতিঝিল-ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) সকাল হতে শাপলা চত্বরে ট্রাফিক সার্জেন্ট সবুজ বিশ্বাস অনান্য পুলিশ সদস্যদের সাথে যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন। সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় পুলিশ সদস্য কন্সটবল শিশির কুমার বালা একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেন। কিন্তু অটোরিকশা চালক বেপরোয়াভাবে গাড়িটি চালিয়ে পুলিশ সদস্য শিশিরের শরীরে ধাক্কা দেন এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যান। এতে শিশির গুরুতরভাবে আহত হন। আহত পুলিশ সদস্যকে দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পরপরই অভিযুক্ত অটোরিকশা চালক আব্দুল খালেক (৫২) কে আটক করা হয় এবং তাকে অটোরিকশাসহ মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে ডিএমপির মতিঝিল বিভাগের সংক্ষিপ্ত বিচার আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আটককৃত আব্দুল খালেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সম্মানিত নগরবাসীর নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বেপরোয়া আচরণ পরিহার করে আইন মেনে যানবাহন চালানোর জন্য আহ্বান করছে ডিএমপি।





