রাজধানীর বনানী থানা এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। আমান উল্লাহ জুজু (৫২), ২। তাছলিমা আক্তার (২৬) ও ৩। চৌধুরী জাহিদ রহমান (২৫)।
বনানী থানা সূত্রে জানা যায়, রবিবার (৯ আগস্ট) ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম বনানী থানাধীন মহাখালী টিবি গেইট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান পরিচালনা করে আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযানে একই তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় বাননী থানার আরেকটি টিম মহাখালী টিবি গেট এলাকার অপর একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় চৌধুরী জাহিদ রহমানকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ৭টি হাঁসুয়া, ২টি বড় হাঁসুয়া, ৩টি বিভিন্ন সাইজের হাঁসুয়া, ১টি বেসবল ব্যাট, ১টি ডাসা, ১টি ছেনি ও ১টি কাটানিসহ সর্বমোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





