মহাখালী বাস টার্মিনালের সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতির অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনালে প্রায় ৮০টি বাস রাখার নতুন স্থানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১:৩০ ঘটিকায় মহাখালী বাস টার্মিনালের সম্প্রসারণ হিসেবে একটি ফাঁকা স্থান উদ্বোধন করা হয়, যেখানে টার্মিনালের বাসসমূহ পার্কিং করা যাবে।
উদ্বোধনকালে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, বিপিএম-সেবা বলেন, মহাখালী বাস টার্মিনালের সামনের প্রধান সড়কে সবসময় একটি স্থায়ী যানজট লেগে থাকতো এবং সাধারণ যানবাহন চলাচল ছিল অত্যন্ত কঠিন। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য এটি ছিল অন্যতম চ্যালেঞ্জিং একটি স্থান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সকলের সহযোগিতায় গত তিন মাসের ধারাবাহিক কর্মসূচির ফলে আজকে মহাখালী টার্মিনালের সামনের প্রধান রাস্তায় আমরা আর কোনো বাস দাঁড়াতে দিচ্ছি না। টার্মিনালের অভ্যন্তরেও একটি সুনির্দিষ্ট শৃঙ্খলা নিয়ে আসা সম্ভব হয়েছে।

এই সাফল্য অর্জনে সার্বিক সহায়তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ এবং সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।





