২৬ মার্চ ২০২৫ খ্রি. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রবিবার (২৩ মার্চ ২০২৫ খ্রি.) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ ২০২৫ খ্রি. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাগণ, দেশী-বিদেশী কূটনীতিকগণ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহনসমূহ সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত অন্যান্য গাড়ি চালকদের জন্য ২৬ মার্চ ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকা হতে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো:
১. সার্জেন্ট আহাদ পুলিশ বক্স (গুলিস্তান) হতে ইত্তেফাক মোড় পর্যন্ত (টয়েনবী সার্কুলার রোডে) সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
২. অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত (ডিআইটি রোডে) সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।
৩. পার্ক রোডের উত্তর প্রান্ত হতে ইত্তেফাক মোড় (টয়েনবী সার্কুলার রোড) অভিমুখী কোন প্রকার যানবাহন চলাচল করবে না।
৪. শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করবে।
৫. দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখী কোন বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।
উল্লেখ্য, উল্লিখিত নির্দেশনাসমূহ বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লিখিত রাস্তাসমূহ পরিহার করে অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য গাড়ি চালকদের অনুরোধ করা হলো। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকাসমূহে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।





