রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া ক্রসিংয়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্টের উপর হামলার ঘটনায় অটোরিকশা চালক মোঃ বেলালকে (৩৩) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা।
বুধবার (০৮ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ১০:২৫ ঘটিকায় মানিক মিয়া ক্রসিং হতে হামলাকারী বেলালকে পুলিশ গ্রেফতার করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর ২০২৫ তারিখ মানিক মিয়া ক্রসিংয়ে ট্রাফিক পুলিশ অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল। অভিযানের অংশ হিসেবে ১৭টি ব্যাটারিচালিত অটোরিকশা বসিলা ডাম্পিংয়ে প্রেরণ করা হয়। এ সময় অটোরিকশা চালক বেলাল অতর্কিতভাবে দায়িত্বরত পুলিশ সার্জেন্টের উপর হামলা চালায় এবং কিল-ঘুষি মারতে থাকে।
থানা সূত্রে আরও জানা যায়, ঘটনার সময় উপস্থিত সঙ্গীয় পুলিশ ফোর্স, পথচারী এবং অন্যান্য অটোরিকশা চালকরা হামলাকারী বেলালকে আটক করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে।
পরবর্তীতে আটককৃত বেলালকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।




