ইরানে বিষাক্ত মাশরুম খেয়ে শত শত মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এরই মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে কয়েক শ মানুষ।দেশটির বেসরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ইরানে রাস্তার পাশে মাশরুম বিক্রি হতে দেখা যায়। সাধারণত স্থানীয় বয়স্ক ব্যক্তিরাই কোনটা ভোজ্য মাশরুম নির্ধারণ করে দেন । এটা আসলে ঝুঁকিপূর্ণ।ওই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের সুস্থ করে তুলতে কার্যকর কোনো চিকিৎসাব্যবস্থা নেই।
বার্তা সংস্থা তাসনিম বলছে, যে মাশরুমে মানুষজনের বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে, সেগুলো সাধারণত ইরানের পশ্চিমাঞ্চলে পার্বত্য এলাকায় জন্মে। বিশেষ করে বসন্তের বৃষ্টিতে এগুলো ভালো হয়। এবার ভারী বৃষ্টিপাত হওয়ায় অন্যবারের তুলনায় এ জাতীয় মাশরুমের পরিমাণ বেড়ে গেছে।
ইরানের স্বাস্থ বিভাগ বলছে, বিষাক্ত এই মাশরুম দেখতে অবিকল ভোজ্য মাশরুমের মতোই। এমতাবস্থায় জনসাধারণকে খোলা মাশরুম কেনা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে।




