ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ রাজধানীর মিরপুরে চাঁদাবাজি মামলার এজাহার নামীয় অন্যতম আসামি মো. উজ্জল রহমান (৩৫) কে গ্রেফতার করেছে। শুক্রবার (০১ আগস্ট ২০২৫) কল্যাণপুর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত (৩০ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৯:৩০ টার সময় উজ্জল রহমানসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি দলবদ্ধভাবে কল্যাণপুর মিজান টাওয়ারে অবস্থিত উত্তরবঙ্গ আবাসিক হোটেলের তৃতীয় তলায় অনধিকার প্রবেশ করে। তারা হোটেল কর্তৃপক্ষের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা হোটেলের ম্যারেজারকে হত্যার উদ্দেশ্যে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। হোটেলের অন্যান্য কর্মীরা ডাক-চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। আসামিরা চাঁদার টাকা না দিলে হোটেলের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত হোটেল ম্যানেজার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় উত্তরবঙ্গ আবাসিক হোটেলের ম্যানেজার আজিজুল ইসলাম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে এজাহার নামীয় অন্যতম আসামি উজ্জলকে গ্রেফতার করা হলো।
ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াথীন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





