রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন (৪২) কে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (২০ নভেম্বর ২০২৪) সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় রাজধানীর পুরান ঢাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সুমন ওরফে কাইল্লা সুমন মোহাম্মদপুর এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ ডিএমপি’র বিভিন্ন থানায় একাধিক খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধভাবে জমি দখল, অপহরণসহ বিভিন্ন অপরাধে ২০টির অধিক মামলা রয়েছে। উক্ত সন্ত্রাসী বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতৃবৃন্দের ছত্র-ছায়ায় দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে তার সহযোগীদের নিয়ে মোহাম্মদপুর এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে নির্বিঘ্নে অপরাধ কার্যক্রম চালাতো। পাশাপাশি উঠতি বয়সের যুবক ও কিশোরদের মাদক কেনা-বেচাসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী কাইল্লা সুমন ও তার সহযোগী সন্ত্রাসীরা গত ১৯ জুলাই ২০২৪ ও ০৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অবৈধ অস্ত্র দ্বারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে তিনজন শাহাদাত বরণ করেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গুলিবিদ্ধ হয়ে অঙ্গহানীসহ গুরুতর জখমের শিকার হয়। এ অপরাধে মোহাম্মদপুর থানায় কাইল্লা সুমনের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রুজু হয়।
থানা সূত্রে আরও জানা যায়, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের পর সন্ত্রাসী কাইল্লা সুমন অজ্ঞাতস্থানে আত্মগোপন করে। কাইল্লা সুমন ও তার সহযোগিদের গ্রেফতারে মোহাম্মদপুর থানার একটি চৌকস টিম সার্বক্ষণিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্ত্রাসী কাইল্লা সুমনের গতিবিধি পর্যবেক্ষণ করে। তার অবস্থান নিশ্চিত হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে পুরান ঢাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতারকৃত কাইল্লা সুমনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




