ডিএমপি নিউজঃ রাজধানীর মোহাম্মদপুরের সুচনা হাউজিং এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- নয়ন আহমেদ ওরফে রবিউল ও সুরমা বেগম।
অভিযানে নেতৃত্ব দেওয়া মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (৩১ মে ২০২৪ খ্রি.) রাতে খবর আসে বসিলা সুচনা হাউজিং এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত পৌনে দশটার দিকে রবিউল ও সুরমা নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সুরমা বেগমের স্বামী মোঃ রুবেল হোসেন কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, পলাতক রুবেলের নামে ডিএমপির মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, দারুস সালাম, ধানমন্ডি ও হাজারীবাগ থানায় ৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।





