রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।
আটককৃতের নাম- আব্দুল পারভেজ হৃদয় (২২)।
যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬:৪০ ঘটিকায় যাত্রাবাড়ী ২ নম্বর সিগন্যাল এলাকায় অবৈধ ফলের মার্কেট উচ্ছেদ অভিযান পরিচালনার সময় স্থানীয় লোকজনের চিৎকার শুনতে পান যাত্রাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা। স্থানীয়রা তাদের জানায়, মোবাইল ফোন ছিনতাই করে এক ব্যক্তি পালিয়ে যাচ্ছে। এ সময় ছিনতাইকারীকে ধাওয়া করে স্থানীয় জনগণের সহায়তায় ছিনতাই হওয়া মোবাইল ফোনটিসহ হাতেনাতে আটক করে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





