রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক ডিউটিরত পুলিশের তৎপরতায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ছুরি ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ০৮:৫০ ঘটিকায় যাত্রাবাড়ী ০২ নম্বর সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতের নাম- ১। মো. হৃদয় (২৮)।
ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৪ আগস্ট) রাতে যাত্রাবাড়ী ০২ নম্বর সিগন্যাল এলাকায় ট্রাফিক ওয়ারী বিভাগের দুইজন সার্জেন্ট দায়িত্বরত ছিলেন। এ সময় একজন রিকশার যাত্রী ছিনতাইকারীর কবলে পড়ে চিৎকার শুরু করলে ট্রাফিক সার্জেন্টদ্বয় দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় জনতার সহযোগিতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে থেকে একটি ছুরি ও একটি ট্যাব উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে উদ্ধারকৃত মালামালসহ যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।





