যাত্রাবাড়ী থানা পুলিশের সেকেন্ড অফিসার পরিচয় দিয়ে নিরীহ লোকজনের কাছ থেকে প্রতারণা করে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- ১। লাবু কাজী (৩৩)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা গেটের সামনে থেকে লাবু কাজীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাবু কাজী নিজেকে যাত্রাবাড়ী থানার সেকেন্ড অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিত। গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার শিকার এক ব্যক্তির আইফোন ১৬ প্রো ম্যাক্স মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত লাবু কাজী জনৈক তোতা মিয়া এর কাছ থেকে ভিকটিম উদ্ধার করার কথা বলে নগদ ৫ হাজার টাকা গ্রহণ করে। এছাড়া মিলন নামে এক ব্যক্তিকে থানা থেকে ছেড়ে দেওয়ার কথা বলে তার ভাইয়ের কাছ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
এছাড়াও থানার আশপাশের ফলের দোকান, আবাসিক হোটেল, ফুটপাতের দোকান ও আড়তসহ বিভিন্ন স্থান থেকে পুলিশ পরিচয় দিয়ে নিয়মিত টাকা-পয়সা আত্মসাৎ করে আসছিল মর্মে অভিযোগ আছে গ্রেফতারকৃত লাবু কাজীর বিরুদ্ধে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





