ডিএমপি নিউজঃ রাজধানীর দক্ষিণখান থানাধীন আসিয়ান সিটি পার্ক এলাকায় থানা পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়েছে। এ সময় গোলাগুলিতে দক্ষিণখান থানার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সুমন মিয়া @ খুকু সুমন নিহত হয়।
গত ২৮ মে’ ২০১৮ তারিখ রাতে দক্ষিণখান থানার একটি চৌকস দল দক্ষিণখান থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে যায়। এসময় তারা জানতে পারে যে, দক্ষিণখান থানাধীন আসিয়ান সিটি পার্কের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান সরবরাহ করার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষনাত থানা পুলিশের দল রাত অনুমান ১১.৪৫ টায় ঘটনাস্থলে পৌছায়। এসময় অতর্কিত মাদক সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। অন্ধকারে মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে ঘটনাস্থল হতে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় পুলিশ ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়ে গুলিবিদ্ধ অবস্থায় ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে ও তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ১ টি শুটার গান, ০২ রাউন্ড গুলি, ০৪ টি ককটেল এবং পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তী সময় জানা যায় নিহত উক্ত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সুমন মিয়া @ খুকু সুমন। তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় ০৫ টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের গুলি বিনিময়কালে দক্ষিণখান থানার এএসআই আলামিন ও কনস্টেবল শওকত আহত হন। তাদের টঙ্গী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।





