রাজধানীর উত্তরা এবং লালবাগ বিভাগে পৃথক অভিযানে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিরসনে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে একাধিক ব্যক্তিকে সাজা ও অর্থদণ্ড প্রদান করেছেন। সংক্ষিপ্ত বিচার আদালতের ভ্রাম্যমাণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে ডিএমপির ট্রাফিক-উত্তরা, ট্রাফিক-লালবাগ বিভাগ এবং সংশ্লিষ্ট থানা পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আজমপুর ওভারব্রিজ এবং হাউজ বিল্ডিং মোড়ে রাস্তার উভয় পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাতে যানবাহন এবং পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের ৮৮ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

অপরদিকে ডিএমপির লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফুলবাড়িয়া থেকে তাঁতিবাজার মোড় পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডিএমপি-ট্রাফিক বিভাগের মাধ্যমে ফুটপাতে যানবাহন এবং পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোট ১১ জনকে গ্রেফতার করা হয় এবং ১১ টি ট্রান্সপোর্ট এজেন্সিকে সড়ক পরিবহন আইনে ৫৭ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এমন অভিযান পরিচালনা অব্যাহত রাখবে। সম্মানিত মহানগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।





