রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক শিশু নিহতের ঘটনায় আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশুকে পুলিশ হেফাজতে নিয়েছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ ।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ০৯.৩০ ঘটিকায় কাজলারপাড় স্কুল গলিতে ছুরিকাঘাতে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশুকে হেফাজতে নেয় যাত্রাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪নং গেট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার এজাহার নামীয় আরও একজন আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে পুলিশ হেফাজতে নিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ভিকটিম তার বাবার দোকানের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার কয়েকজন বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলারপাড় স্কুল গলিতে ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনার জন্য সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে না পেয়ে ফেরার পথে রাত ০৯:৩০ ঘটিকায় কাজলারপাড় স্কুল গলিতে মাজেদ মেডিসিন কর্নারের সামনে পাকা রাস্তায় ৩ জন কিশোরসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পথরোধ করে।
ভিকটিম পথরোধের কারণ জিজ্ঞাসা করলে একজন কিশোর বলে উঠে, “তুই জানি ঐ দিন কী কইছিলি?” এরপরই তারা ভিকটিমকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তাদের একজন কোমর থেকে সুইচ গিয়ার (চাকু) বের করে ভিকটিমের বাম পায়ের হাঁটুর উপরে রানে ২টি এবং ডান পায়ের হাঁটুর উপরে রানে ১টি গভীর কাটা জখম করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে তার বন্ধুরা রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) একটি হত্যা মামলা রুজু হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত একজন শিশুকে চিহ্নিত করে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরবর্তীতে সোমবার ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় কাজলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জড়িত শিশুটির খালার বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ সময় তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।
পরবর্তীতে যাত্রাবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত অর্থাৎ শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক সাড়ে বারোটায় থানাধীন বিবির বাগিচা ৪নং গেট এলাকায় অভিযান চালিয়ে উক্ত ঘটনার এজাহার নামীয় আরও একজন আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে হেফাজতে নিয়েছে।
পুলিশ হেফাজতে নেওয়া আইনের সাথে সংঘাতে জড়িত শিশুটিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




