পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়- চিকিৎসার জন্য লন্ডন সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছেন।
রোববার লন্ডন থেকে জার্মানির উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। ফ্রাঙ্কফুর্টে দুই দিন কাটিয়ে ২ মে তিনি লন্ডন ফিরবেন। ৩ মে তার দেশে ফেরার কথা। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৪ এপ্রিল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপ্রধান হামিদ।
বার্লিনে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, ফ্রাঙ্কফুর্ট সফরে রাষ্ট্রপতি ইন্টারকন্টিনেন্টাল ফ্রাঙ্কফুর্ট হোটেলে থাকবেন। আর লন্ডনে মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। ৭৪ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। প্রায় প্রতিবছরই তাকে চিকিৎসা নিতে বিদেশে যেতে হচ্ছে।





