রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। ছয় দিন সিঙ্গাপুরে অবস্থান করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতির সঙ্গে এ সফরে তার স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। ছয়দিনব্যাপী এ সফরকালে আবদুল হামিদ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন। আগামী ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দেশে ফিরে আসার কথা রয়েছে।





