রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে রিকশা ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. জীবন (২৫) ও ২। মো. সোহাগ আকন্দ (২৬)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৩:১০ ঘটিকায় হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সোমবার রাত ২:৩০ ঘটিকায় মতিঝিল থেকে মগবাজার যাওয়ার কথা বলে জনৈক জাহাঙ্গীর আলমের ব্যাটারি চালিত রিকশা ভাড়া করে। পথিমধ্যে তারা রিকশা চালককে রামপুরায় যেতে বলে। রাত ৩:০০ঘটিকার সময় পশ্চিম রামপুরার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালের সামনে আসলে তারা রিকশা থামাতে বলে। রিকশা থামালে একজন জাহাঙ্গীর আলমের পেটে ছুরি ধরে সাথে থাকা একটি মোবাইল, নগদ টাকা ও রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন রিকশাচালক চিৎকার করলে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে আসে। পুলিশ দেখে রিকশা ফেলে পালানোর চেষ্টাকালে জীবন ও সোহাগকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে একটি চাকু এবং ছিনিয়ে নেওয়া একটি মোবাইল ফোন ও নগদ পাঁচশত বিশ টাকা উদ্ধার করা হয়।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা ব্যাটারি চালিত রিকশা ভাড়া করে মগবাজার যাওয়ার নাম করে রামপুরায় নিয়ে রিকশা ও রিকশা চালকের মোবাইল, নগদ টাকা ছিনতাই করার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




