র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম-সেবা। র্যাবের বিদায়ী মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম এর কাছ থেকে আজ বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
এর আগে গত সোমবার পুলিশ সদর দপ্তরে বিদায়ী র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে বিদায় সংবর্ধনা দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ।
আজ ৫ জুন থেকে খুরশীদ হোসেনের অবসরকালীন ছুটি কার্যকর হয়। এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম সুদীর্ঘ ৩৩ বছরের অধিক সময়ের বর্ণাঢ্য চাকরি জীবন শেষে মঙ্গলবার (৪ জুন ২০২৪ খ্রি.) অবসরে যান। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খুরশীদ হোসেন। সে সময় তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মকরত ছিলেন।
গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হন হারুন অর রশিদ। দায়িত্ব নেওয়ার পর আজ সকালে র্যাবের নতুন মহাপরিচালক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন। পরে তিনি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেবেন।তথ্যসূত্র:প্রথমআলো




