ডিএমপি নিউজ: রাজধানীর কামরাঙ্গীরচর ও ঢাকা জেলার সাভার এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলবি, সাগর, রনজু ওরফে রমজান, আরিফ, মোঃ মারুফ, সাব্বির ও আলিফ।
বুধবার কামরাঙ্গীরচর ও ঢাকা জেলার সাভার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা পিপিএম ডিএমপি নিউজকে জানান, বুধবার রাতে কামরাঙ্গীরচর থানার আজিজিয়া মসজিদ গলির জুতার কারখানার সামনে থেকে একটি মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনার কামরাঙ্গীরচর থানার একটি চুরির মামলা রুজু হয়।
তিনি বলেন, মামলাটির ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তার কামরাঙ্গীরচর ও ঢাকার জেলা সাভার এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটর সাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চোরাই মোটর সাইকেল কেনা-বেচা চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে মোটর সাইকেল চুরি করে বিক্রি করতো।
কামরাঙ্গীরচর থানার মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।





