রাজধানীর লালবাগে পাওনা টাকা চাওয়ায় শেখ ওয়াসিম রনী (৪৭) নামে এক ব্যক্তিকে হত্যা ও লাশ গুমের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মো. মাসুম (৪৩)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভিকটিম শেখ ওয়াসিম রনীর নিখোঁজের ঘটনায় তার ভাই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে লালবাগ থানা পুলিশের একাধিক টিম তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তথ্যের মাধ্যমে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঘটনার প্রধান সন্দেহভাজন মো. মাসুমকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাসুম ভিকটিম শেখ ওয়াসিম রনীকে হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য ও দেখানো মতে (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ০৩:৪৫ ঘটিকায় লালবাগ থানাধীন বিসি দাস স্ট্রিটের একটি ভবনের নিচতলার সংকীর্ণ করিডোর থেকে প্লাস্টিকের রশি দিয়ে হাত-পা বাঁধা এবং মুখে পলিথিন পেঁচানো বালি চাপা অবস্থায় ভিকটিম শেখ ওয়াসিম রনীর অর্ধগলিত লাশ উদ্ধার করে লালবাগ থানা পুলিশ।
লালবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মাসুম ভিকটিম শেখ ওয়াসিম রনীর কাছ থেকে তিন মাসের জন্য ৩ লাখ টাকা ধার নেয়। নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত না দেওয়ায় শেখ ওয়াসিম রনী পাওনা টাকার জন্য মাসুমের অফিসে যায়। সেখানে মাসুম তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে রনীকে হত্যা করে। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে অফিস কক্ষের পাশে বালি চাপা দিয়ে লাশ গুম করে। এ ঘটনায় লালবাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।





