ডিএমপি নিউজ: শিক্ষানবিস পুলিশ সার্জেন্টদের সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিবুর রহমান বিপিএম।
বৃহস্পতিবার (১ আগস্ট ২০২৪) সকালে রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ডিএমপিতে সদ্য যোগদানকৃত ২০৬ জন শিক্ষানবিস পুলিশ সার্জেন্টেদের উদ্দেশ্যে এ আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)।
তিনি বলেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান চাকরির শুরুতেই ঢাকা মহানগরে কাজ করার সুযোগ পেয়েছেন। আপনাদের মেধা, দক্ষতা ও মনন কাজে লাগিয়ে সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নগরবাসীকে সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মাথায় রাখতে হবে রাস্তার মূল ব্যবস্থাপনার দায়িত্ব আপনারাদের। নগরবাসী যাতে স্বাচ্ছন্দে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেই লক্ষ্যেই কাজ করতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে প্রায় সোয়া দুই কোটি লোক রয়েছে। কাজের প্রয়োজনে কেউ শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কেউ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছে। ট্রাফিক পুলিশের কার্যক্রম সকলের চোখে পড়ে বা ট্রাফিক অবস্থা আপনার সম্মুখীন হচ্ছে। এমন কোন কার্যক্রম করবেন না যাতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

শিক্ষানবিস পুলিশ সার্জেন্টেদের ব্রিফিং অনুষ্ঠানে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) আবু রায়হান মুহাম্মদ সালেহ্; যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান, বিপিএম-বার, পিপিএম-বার; যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





