শেরেবাংলা নগর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসাধারণের সাথে পুলিশের নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে শেরেবাংলা নগর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৪:০০টায় শেরেবাংলা নগর থানার সম্মেলন কক্ষে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/টু-আইসি) মোঃ ফজলুল করিম।
অনুষ্ঠানে থানা এলাকার বাসিন্দারা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা সরাসরি পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। উপস্থিত জনসাধারণের বক্তব্য অত্যন্ত গুরুত্বসহকারে শোনেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, প্রতিটি অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা, চাঁদাবাজি নির্মুল, মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ ছাড়াও সামাজিক অবক্ষয় ও পারিবারিক সহিংসতা, কিশোর অপরাধ, সাইবার অপরাধ ইত্যাদি নির্মূলে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহবান জানান তিনি। পাশাপাশি, অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, তেজগাঁও জোন;সহকারী পুলিশ কমিশনার (এসি), তেজগাঁও জোন;অফিসার ইনচার্জ (ওসি), শেরেবাংলা নগর থানা এবং অনুষ্ঠানে থানার অন্যান্য অফিসার ও ফোর্সসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




