চট্টগ্রামের পটিয়ায় খালের পানিতে গাছের ডালের সঙ্গে আটকানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে পটিয়া থানা পুলিশ।
পটিয়া থানা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পটিয়া থানাধীন ১৫ নম্বর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ছনহরা এলাকার শ্রীমতি খালের পানিতে গাছের ডালের সঙ্গে আটকানো অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

পটিয়া থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ছবি সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম শাখায় হস্তান্তর করা হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহটি দাফন করা হয়।
এ ঘটনায় পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যে মরদেহের ছবি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করছে পটিয়া থানা পুলিশ।
ছবিতে প্রদর্শিত ব্যক্তির পরিচয় জানা থাকলে বা এ বিষয়ে কোনো তথ্য থাকলে পটিয়া থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আব্দুল খালেকের ০১৮২৩-৭২৬১৫৬ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





