কলম্বো: গত সপ্তাহে সাইক্লোন ‘দিতওয়া’র প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত শ্রীলঙ্কায় এখনও চলছে উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম। কিন্তু নতুন করে শুরু হওয়া বৃষ্টিপাত এসব কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এ পর্যন্ত ৪৮৬ জনের মৃত্যু হয়েছে, ৩৪১ জন এখনও নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলে ১৩২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাজধানী কলম্বোসহ আশপাশের এলাকায় বন্যার পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকায় এখনও পরিস্থিতি ভয়াবহ। ভূমিধসের ঝুঁকি এতটাই বেশি যে, সরিয়ে নেওয়া বাসিন্দাদের তাৎক্ষণিক বাড়ি ফেরার অনুমতি দেওয়া হচ্ছে না।
প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এই দুর্যোগকে “দ্বীপরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক বিপর্যয়” আখ্যা দিয়েছেন। তিনি শনিবার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।
সরকারি হিসেবে ৫০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ,পুনর্নগঠন খরচ হতে পারে ৬-৭ বিলিয়ন মার্কিন ডলার,প্রতিটি কাদা-ধ্বংস হওয়া ঘর পরিষ্কারে সরকার দিচ্ছে ২৫,০০০ রুপি (প্রায় ৮৩ ডলার), দেশের প্রায় ৭৫% এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে ।
এদিকে গাম্পোলাসহ মধ্যাঞ্চলের বাসিন্দারা নিজ উদ্যোগে কাদা-পানি সরিয়ে পরিষ্কার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আবহাওয়াবিদরা আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন।
তথ্যসূত্রঃ এএফপি / বাসস





