রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য পরিচালিত অভিযানে বাধা প্রদান করার অপরাধে ৪ জনকে আটক করে ট্রাফিক সবুজবাগ জোন। আটককৃতদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- ১। মোঃ ইয়াছিন (২৮), ২। মোঃ সেন্টু (৩২), ৩। মোঃ আকবর হোসেন (৭০) ও ৪। মোঃ আব্দুর রহিম (৫৫)।
ট্রাফিক সবুজবাগ জোন সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) গ্রেফতারকৃতদের মতিঝিল বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত উভয়পক্ষের শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে।
জনস্বার্থে ও নগরীর শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





