গুনাথিলাকা উইকেট দিয়েই সাকিবকে টপকে বাংলাদেশের জার্সিতে সেরা ওয়ানডে উইকেট শিকারি বনে গেছেন মাশরাফি। ডাম্বুলায় প্রথম ম্যাচের পর দুজনের ঝুলিতেই ছিল ২২১টি করে ওয়ানডে উইকেট। মাশরাফির এখন ২২২টি। এই ম্যাচেই সাকিবের সুযোগ থাকছে অধিনায়ককে ধরে ফেলার বা টপকানোর। এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে মাশরাফিরও। ডাম্বুলায় ম্যাশ নেমেছেন ১৭১তম ম্যাচে, আর সাকিব ১৬৮তম।
পিচে ঘাসের উপস্থিতি আছে। তবে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর ঘাস নিয়ে ভাবছেন না মাশরাফি। জয়ী দলটাকেই অপরিবর্তিত রেখে নেমেছেন তিনি। লক্ষ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে ৩২৪ রানের সংগ্রহ গড়ে ৯০ রানে জিতে এগিয়ে বাংলাদেশ।
আর সুরঙ্গা লাকমলের সঙ্গে দুই পেসার নুয়ান কুলাসেকেরা ও নুয়ান প্রদীপকে নিয়ে নেমেছে শ্রীলঙ্কা। দলে আছেন দিলরুয়ান পেরেরাও। তিনটা বদলি স্বাগতিকদের। বাদ পড়েছেন সাচিথ পাথিরানা, দাশুন সান্দাকান ও লাহিরু কুমারা।
সবশেষ ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের বাইরে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। মঙ্গলবার সিরিজ জেতার সুযোগ রয়েছে। তাতে দীর্ঘ অপেক্ষার অবসান হবে ঘরের মাঠে নিয়মিত জিততে থাকা টাইগারদের।



