ডিএমপি নিউজ : সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে দুইজনকে উদ্ধার ও মানব পাচারকারী চক্রের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতের নাম মোঃ কবির হোসেন। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানার কেরাগাছি গ্রামে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহীর নেতৃত্বে ধানমন্ডি জোনাল টিম গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরার সীমান্তবর্তী শুনাই নদীর তীরে কাকডাকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী ডিএমপি নিউজকে জানান, গত ৪ ফেব্রুয়ারি হাজারীবাগের মনেশ্বর রোড হতে মোছাঃ সুমনা খাতুন ও মোছাঃ খাদিজা নিখোঁজ হন। ওইদিনই মোছাঃ সুমনা খাতুনের মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে ধানমন্ডি জোনাল টিম। তদন্তকালে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সাতক্ষীরার সীমান্তবর্তী কাকডাকা এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের মূলহোতা কবির হোসেনকে গ্রেফতার করে। এ সময় মোছাঃ সিমা আক্তার ও তার ছেলে মোঃ নবাব শেখকে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়। তাদেরকেও পাচার করার জন্য তার হেফাজতে রেখেছিলো।
মোহাম্মদ ফজলে এলাহী ডিএমপি নিউজকে আরো জানান, গ্রেফতারকৃত কবির হোসেন গতকাল শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আদালতের নির্দেশে ভিকটিমদ্বয়কে তাদের নিকটাত্মীয়ের জিম্মায় প্রদান করা হয়।





