ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান -এর নেতৃত্বে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করা হয়েছে। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, পরিবহন মালিক সমিতির সেক্রেটারি, গ্রিন লাইন বাস কোম্পানির মালিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সোমবার (৩ আগস্ট ) বিকাল ০৪:০০ ঘটিকায় অনুষ্ঠিত এ পরিদর্শনে সায়েদাবাদ বাস টার্মিনালে আগত যাত্রীদের জন্য আরও উন্নত, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান অবকাঠামো ও সেবার মান পর্যালোচনা করা হয়। পরিদর্শন শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরিদর্শনকালে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে— টার্মিনালের অভ্যন্তরে পুরাতন মোটর গ্যারেজের স্থানে নির্মাণাধীন ভবনটি সম্প্রসারণ করে এসি বাস কাউন্টার স্থাপনের উপযোগী করা। এসি বাস কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করার পাশাপাশি সেখানে পার্কিং শেড ও যাত্রীদের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা। খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে একই ধরনের আরও একটি কাউন্টার শেড নির্মাণ করা। বর্ষাকালে যেসব কাউন্টার শেডে বৃষ্টির পানি প্রবেশ করে, সেসব স্থানে পানি প্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং টার্মিনালের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করার পাশাপাশি যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত সংখ্যক কংক্রিটের বেঞ্চ নির্মাণ করা।
এসব উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীসেবার মান আরও বৃদ্ধি পাবে এবং যাত্রীদের যাতায়াত হবে অধিক স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ।





