ডিএমপি নিউজঃ শেরেবাংলানগর থানায় রুজুকৃত সিএনজি ড্রাইভার হত্যা মামলায় ২জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগ ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ লিটন (৪৫) ও মোঃ জসিম (২৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে চুরি যাওয়া সিএনজি উদ্ধার করা হয়।
গত ১৩ জানুয়ারি’১৮ রাতে সিএনজি চালক ইসকেন্দার হাওলাদারকে হত্যার পর তার সিএনজি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই সংক্রান্তে ১৪ জানুয়ারি শেরেবাংলানগর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা রুজু হয়। ক্লুলেস মামলা হওয়ায় মামলাটি ডিবিতে হস্তান্তর হলে ডিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগ ২২ জানুয়ারি সোমবার শাহ্আলী মাজার এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় চুরিকৃত সিএনজি উদ্ধার করা হয়।
ডিএমপি’র মিডিয়া সেন্টারে আজ ১১.৩০ টায় আয়োজিত প্রেস ব্রিফিং এ বিষয়ে বিস্তারিত জানান ডিবি’র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ আবদুল বাতেন পিপিএম।
তিনি বলেন, ঘটনার দিন অর্থাৎ ১৩ জানুয়ারি গ্রেফতারকৃত আসামীরা বানিজ্য মেলা হতে সিএনজি ভাড়া করে ফার্মগেট এলাকায় আসে। রাস্তায় ট্রাফিক জ্যামের কারনে অধিক সময় ধরে সিএনজিতে থেকে চালকের সাথে আসামীরা সখ্য গড়ে তোলে। ফার্মগেটে সিএনজি আসার পর তারা সিএনজির ড্রাইভারকে চা খাওয়ার জন্য বলে। ড্রাইভার তাদের সাথে চা খেতে আসলে সিএনজির ড্রাইভারকে চায়ে অচেতন করার বিষ জাতীয় পদার্থ মিশিয়ে খাওয়ায়।
পরবর্তীত সময়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে সিএনজিতে করে নিয়ে যায়। পথের মধ্যে সিএনজির ড্রাইভারের মৃত্যু হলে তার লাশ মানিক মিয়া এভিনিউস্থ সেচ ভবনের সামনের ড্রেনে ফেলে সিএনজি নিয়ে চলে যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।




