ডিএমপি নিউজ : রংপুরের হারাগাছায় অভিযান চালিয়ে ডিজিটাল ওয়ালেট PayPal এ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃতের নাম মোঃ রাশেদুল ইসলাম।
সিটিটিসি সূত্রে জানানো হয়, গ্রেফতারকৃত রাশেদুল ইউরোপ, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজল্যান্ড ও জাপানে অবস্থানকারী বাংলাদেশী শিক্ষার্থীদের টার্গেট করে PayPal এ ডলার বিক্রির কথা বলে প্রতারণা করে আসছিলো।
সিটিটিসি সূত্রে আরো জানানো হয়, ফিনল্যান্ডে অবস্থানকারী বাংলাদেশী এক শিক্ষার্থী গত ৫ মে ২০২৪ সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে ইমেইলের মাধ্যমে অভিযোগ করেন যে, PayPal এর মাধ্যমে টাকা পাঠানো এবং গ্রহণ করার নামে তার সাথে প্রতারণা করা হযেছে। অভিযোগ প্রাপ্তির পর সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি চৌকস দল তথ্য ও প্রযুক্তিগত অ্যানালাইসিসের মাধ্যমে প্রতারক চক্রের মূল হোতাকে শনাক্ত করে। দেশে আবস্থানকারী ভুক্তভোগীর পিতা মামলা দায়ের করেন। এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ মে রংপুরের হারাগাছা থেকে প্রতারক রাশেদুলকে গ্রেফতার করে।
রাশেদুল জিজ্ঞাসাবাদে জানায়, একটি টেলিগ্রাম বট চ্যানেলে ১৫০ ডলারের বিনিময়ে হ্যাক হওয়া ৩০টি PayPal অ্যাকাউন্ট বিক্রি হয়। ঐ চ্যানেল থেকে সে PayPal অ্যাকাউন্ট ক্রয় করে সে সব অ্যাকাউন্টে যে পরিমাণ ডলার থাকে সেটা দিয়েই সে প্রতারণা চালিয়ে আসছে ২০২১ সাল থেকে। তার ক্রয় করা হ্যাকড PayPal অ্যাকাউন্টটি যখন মূল ব্যবহারকারী রিকভার করে নেয় তখন ওই মূল ব্যবহারকারী ডিসপিউট (Dispute) ফাইল করলে লেনদেনকৃত অর্থ ফেরত চলে যায়। জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, তার এলাকার অর্ধশতাধিক উঠতি বয়সের যুবক এই প্রতারণার সাথে জড়িত।
গ্রেফতার রাশেদুলকে আদালতে প্রেরণ করা হলে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে রাশেদুলকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। রাশেদুলের সহযোগী অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।




