ডিএমপি নিউজঃ রাজধানীর বংশাল থানার ৩ নং বিট এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আজ ০৭ সেপ্টেম্বর ২০২০ সকাল ১১.৩০ টায় নাজিরা বাজার হোটেল মালিক সমিতির আয়োজনে এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরার কার্যক্রমের উদ্বোধন করেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিসি লালবাগ বলেন, আপনারা আপনাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করেছেন। সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সিসি ক্যামেরা এমন একটি অপরিহার্য জিনিস যার মাধ্যমে অপরাধীদের সহজে সনাক্ত করা যায়।
অভিভা্বকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে, আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, খারাপ কাজের সাথে জড়িত হচ্ছে কিনা তা সব সময় পর্যবেক্ষন করতে হবে। এ জন্য বাবা-মা, অভিভাবক ও স্কুলের শিক্ষকদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, নাজিরা বাজার এলাকায় ৩৭ টি সিসি ক্যামেরার কার্যক্রম উদ্ধোধনের ফলে নাজিরা বাজার, আলাউদ্দিন রোড, পশু হাসপাতাল ও বংশাল ক্রসিং পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় থাকবে। ঢাকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের। ঢাকা মহানগর পুলিশ আপনাদের পাশে সবসময় আছে এবং থাকবে।
সিসি ক্যামেরা কার্যক্রম উদ্বোধন শেষে আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য উপস্থিত নাগরিকদের মতামত গ্রহণ করা হয় এবং পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।
এসময় লালবাগ বিভাগের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, হোটেল মালিক সমিতি, সাইকেল ব্যবসায়ী সমিতি ও পঞ্চায়াতের সভাপতি, সেক্রেটারিসহ প্রায় ৩০০ জন সম্মানিত নাগরিক উপস্থিত ছিলেন।





