জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এ পর্যন্ত দুই মেয়াদ পূর্ণ করে তিন মেয়াদে ক্ষমতাসীন হয়েছে। গত পাঁচ বছরের মতো এবারও জন্মদিনে দেশের বাইরে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে বর্তমানে তিনি ওয়াশিংটনে অবস্থান করছেন। জন্মদিনের দুই দিন আগে মঙ্গলবার ওয়াশিংটনের একটি হাসপাতালে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর, সকাল ৬টা) তাঁর গলব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়। যুক্তরাষ্ট্রে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানাসহ ভাগ্নে-ভাগ্নি, নাতি-নাতনীদের সঙ্গে পারিবারিক পরিবেশে জন্মদিন পালন করেন শেখ হাসিনা। তবে সেখানেও ছিল না কোনো কেক কাটা ও আনন্দ উত্সব।
দিবসটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর গলব্লাডারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়। সুষ্ঠু ও সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনায় আল্লাহর রহমত কামনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।
দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে এবং বিভিন্ন প্যাগোডা, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে দেশের সরকারি হাসপাতালসহ সব ধরনের স্বাস্থ্যকেন্দ্রে ২ ঘণ্টা বেশি স্বাস্থ্যসেবা দেয়া হয়। চিকিত্সকেরা আজ সকাল ৮টা থেকে বেলা ২টার পরিবর্তে ৪টা পর্যন্ত মানুষকে সেবা দিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রিকশা ও ভ্যান বিতরণ করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থেকে এই ভ্যান ও রিকশা বিতরণ করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি বন্যা ও দরিদ্র্যপীড়িত মানুষের মধ্যে এই রিকশা ও ভ্যান বিতরণের কর্মসূচি গ্রহণ করে।
দিবসটি উপলক্ষে যুবলীগ রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করে। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।





