ডিএমপি নিউজঃ গুলশান হলি আর্টিসানে হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার সোহেল মাহফুজকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা পুলিশের সমন্বিত দল।
এ সময় আরও তিনজন নব্য জিএমবি’র সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামী হলো- নব্য জেএমবির আইটি স্পেশালিস্ট হাফিজুর রহমান হাফিজ, অস্ত্র সরবরাহকারী জুয়েল এবং রাজশাহী, চাঁপাই ও নাটোরের কো-অর্ডিনেটর জামাল।
শুক্রবার (৭ জুলাই) দিবাগত মধ্যরাত ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি এলাকার আমবাগানে গোপন বৈঠক করার সময় সেখান থেকে গুলশান হলি আর্টিসান হামলার পরিকল্পনাকারী, অস্ত্র ও গ্রেনেড সরবরাহকারী সোহেল মাহফুজসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। সোহেল মাহফুজ নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা।




