ডিএমপি নিউজঃ রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে ১ জুলাই জঙ্গি হামলার এক বছর পূর্তিতে নিহত দেশি-বিদেশিদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ।
আজ শনিবার সকাল থেকে রাজধানীর গুলশানের ৭৯ নম্বর রোডের এ রেস্তোরাঁয় নিহতদের শ্রদ্ধা জানাতে আসেন বিদেশি কূটনীতিক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নিহতদের পরিবারের স্বজনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ উপলক্ষে আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য হলিজান আর্টিসান রেস্তোরাঁ সবার জন্য উন্মুক্ত রাখার কথা রয়েছে।
সকাল ৮টার কিছু পরে প্রথমে শ্রদ্ধা জানাতে আসেন, জাপানের রাষ্ট্রদূত মাশাতো ওয়ানাতাবে এবং উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিকিও হাতাডেয়া। তাঁরা শ্রদ্ধাস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে অল্প সময় নিয়ে হলি আর্টিসান ত্যাগ করেন। এরপর সকাল ১১টার পর ফুল দেন ঢাকায় ইতালি দূতাবাসে কর্মকর্তারা। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
জঙ্গি হামলায় দুইজন পুলিশ অফিসার ও ২০ জন দেশি-বিদেশী নাগরিক নিহত হন। এর মধ্যে দুজন বাংলাদেশি, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, নয়জন ইতালিয়ান, সাতজন জাপানি ও একজন ভারতীয় নাগরিক ছিলেন।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সকাল ১১টায় শ্রদ্ধা মঞ্চে ফুল দেওয়া হয় । সেদিন হামলা ঠেকাতে গিয়ে এখানে নিহত হয়েছিলেন পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও পুলিশ পরিদর্শক সালাউদ্দিন।
সকাল ১০টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে হলি আর্টিসান শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শ্রদ্ধা জানানো শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, “জঙ্গিবাদ পুরোপুরিভাবে নির্মূল হয়নি, দুর্বল হয়েছে। শুধু ফোর্সের (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) উপর নির্ভর করলে চলবে না। দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে।
আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে মন্ত্রী বলেন, “ফ্রান্স ও লন্ডনের মতো দেশে পুলিশ যা পারেনি, আমাদের দেশের পুলিশ তা করে দেখাতে পেরেছে। আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা গর্ববোধ করি। তারা অসম সাহসিকতার সঙ্গে উগ্র জঙ্গিবাদকে মোকাবেলা করছে। বীরত্বপূর্ণ অবদান রেখেছে।“
উল্লেখ্য যে, বাংলাদেশে সন্ত্রাসী হামলার সর্ববৃহৎ এ ঘটনাটি ঘটে গত বছরের ১ জুলাই। সেদিন ছিল শুক্রবার। রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানের ৭৯ নম্বর রোডের হলি আর্টিসান রেস্তোরাঁয় পাঁচজনের একটি সন্ত্রাসী দল উপস্থিত সাধারণ মানুষের উপর অতর্কিত হামলা চালায়।
সেদিন হলি আর্টিসান বেকারির ভেতরে হামলাকারীদের নৃশংসতার বলি হয় দেশী-বিদেশী মোট ২০ জন নাগরিক। এদের প্রত্যেককেই কুপিয়ে জখম করে অথবা গুলি করে নির্মমভাবে হত্যা করে হামলাকারীরা। নিষ্ঠুরতার শিকার হয়ে মারা যায় ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয়, ১ জন বাংলাদেশি/আমেরিকান এবং ২ জন বাংলাদেশি নাগরিক। রাতভর এই নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষী হয় পুলিশ ও সেনাবাহিনীর প্রতিরোধ অভিযানে উদ্ধার হওয়া জীবিত ৩২ জন। যার মধ্যে প্রথমে পুলিশের অভিযানে উদ্ধার হয় ২ জন বিদেশীসহ ১৯ জন, এরপর সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হয় দেশী বিদেশী মোট ১৩ জন।
পুলিশের প্রথম প্রতিরোধ অভিযানে হামলাকারীদের বোমার আঘাতে নিহত হয় ডিবি’র এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২২। এছাড়া গুরুতর আহত হয় পুলিশের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে।





