ডিএমপি নিউজ : হানিফ ফ্লাইওভারে গাড়ি থেকে যাত্রী উঠানামা করার কারণে ১৯টি বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ২টি বাস ডাম্পিং করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগ।
আজ মঙ্গলবার ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের নির্দেশনায় এসি (ট্রাফিক-যাত্রাবাড়ী) তানজিল আহমেদের নেতৃত্বে একটি টিম হানিফ ফ্লাইওভারে অভিযান চালিয়ে যত্রতত্র যাত্রী উঠানামা করা বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম জানান, ঢাকা মহানগরীর নাগরিকগণ যাতে রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং স্বাচ্ছন্দে ঘরে ফিরতে পারেন সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে টিম ট্রাফিক ওয়ারী বিভাগ। এই বিভাগের মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের ২১টি জেলাসহ মোট ৪০টি জেলার গাড়ি যাতায়াত করে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের মূল অংশটি এই বিভাগের মধ্যে অবস্থিত। প্রায়শই এই ফ্লাইওভারের উপরে বিভিন্ন পরিবহন যাত্রী উঠানামা করে। এতে যানজট যেমন বেড়ে যায়, তেমনিভাবে দুর্ঘটনা বৃদ্ধি পায়।
তিনি আরো বলেন, ট্রাফিক-ওয়ারী বিভাগের এই অভিযান চলমান থাকবে। গাড়ি চালকরা হানিফ ফ্লাইওভারে যত্রতত্র যাত্রী উঠা-নামা করতে পারবে না। এর ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




