জার্মানিতে ‘অবৈধ’ হয়ে পড়া ১ হাজার বাংলাদেশিকে দেশে ফিরতে হচ্ছে। এরই মধ্যে দেশটির উদ্যোগে দু’টি চার্টার্ড ফ্লাইটে ৬৭ জনকে ঢাকায় পৌঁছে দেয়া হয়েছে। বাংলাদেশে সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা জানিয়েছেন, দীর্ঘ দু’বছরের আলোচনায় জার্মানিসহ ইউরোপের দেশে দেশে থাকা অবৈধ বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস-এসওপি) সই হয়েছে। ওই চুক্তির আওতায় জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে অবৈধরা দেশে ফিরছেন। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে সই হওয়া এসওপি মতে, স্বেচ্ছায় ফিরতে আগ্রহীদের দেশগুলোর নিজস্ব খরচে ঢাকায় পৌঁছানো হচ্ছে। এসওপি মতে জার্মানিও দু’টি ভাড়া করা বিমানে দু’দফায় মোট ৬৭ জনকে ঢাকা পর্যন্ত পৌঁছে দিয়েছে।
একই সঙ্গে আইওএম এর মাধ্যমে তাদের পুনর্বাসনের প্রক্রিয়ায় দেশটি সহায়তা করছে বলে জানান সরকারের প্রতিনিধিরা। তারা এ-ও বলেন, ইউরোপের বিভিন্ন দেশের প্রায় ১ লাখ বাংলাদেশি রয়েছেন, যারা দেশগুলোতে বৈধ হওয়ার জন্য দফায় দফায় চেষ্টা করেছেন। কিন্তু আইনি প্রক্রিয়ায় তারা প্রত্যাখ্যাত হয়েছে। তাদের সবাইকে দেশে ফিরতে হবে। বাংলাদেশ সরকার চাপে পড়ে কিংবা নিজে থেকেই হোক এখন অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করছে জানিয়ে সরকারের এক প্রতিনিধি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অনিয়মিত বাংলাদেশিদের ফেরাতে চায় সরকার। আর এতে বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।





