জঙ্গী, মাদক ও অপরাধ নিয়ন্ত্রন সংক্রান্ত মত বিনিময় সভায় চট্টগ্রাম রেঞ্জের নব নিযুক্ত ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেছেন, ১৬ কোটি মানুষের ৩২ কোটি চোখ সজাগ ও সতর্ক থাকলে বাংলাদেশে জঙ্গীদের ঠাঁই হবে না।
একাত্তরের মহান মুক্তি সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মানুষ পাকিস্তানকে পরাজিত করেছিল। পাকিস্তানের দোসর ও তাদের প্রেতাত্মারা যতই এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করুক না কেন, তা কঠোর হাতে দমন করা হবে।
তিনি আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রাম বিভাগে যেসব সভা-সমাবেশ ও ধর্মীয় সভা হবে তা পুলিশের অনুমতি নিয়ে করার নির্দেশ দিয়ে বলেন, এসব সভায় অন্তত: ১৫ মিনিট সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখা বাধ্যতামূলক করা হবে।
জেলার সীতাকু- ডিগ্রী কলেজ মাঠে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
দেড় মাস আগে অভিযান চালানো জঙ্গি আস্তানা থেকে আনুমানিক দেড়শ গজ দূরে জঙ্গিবিরোধী এই সভা করেছেন ডিআইজি। সভা শেষে সীতাকু- পৌরসভার প্রেমতলার ছায়ানীড় ভবনের এই আস্তানা পরিদর্শনও করেছেন তিনি। এই সভার মধ্য দিয়ে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন জেলায় জেলায় জঙ্গি ও মাদক বিরোধী সভার ঘোষণা দিয়েছেন।
সভায় ডিআইজি সভা-সমাবেশে কমপক্ষে ১৫ মিনিট জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখা বাধ্যতামূলক করার জন্য চট্টগ্রাম রেঞ্জের জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেন। সভায় উপস্থিত চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে তিনি বলেন, জঙ্গি দমন পুলিশের একার কাজ না। সর্বস্তরের জনসাধারণকে এই কাজে সম্পৃক্ত করতে হবে। আপনারা নিজ নিজ জেলায় যে কোন ধরনের সভা-সমাবেশ, ধর্মীয় সভায় যেন বাধ্যতামূলকভাবে ১৫ মিনিট জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখা হয়, সেটা নিশ্চিত করুন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা’র সভাপতিত্বে এতে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ান, রেঞ্জের ১১ জেলার পুলিশ সুপারসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় চট্টগ্রামের ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।




