রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে আঠারো মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার ছিনতাইকারী মোঃ সুমন মিয়া ওরফে চাকী সুমন (২৮) ও ছয় মামলার আসামি, পেশাদার ছিনতাইকারী মোঃ বাবু (৩০) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
রোববার (২ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ২:৪০ ঘটিকায় তেজগাঁও ধানাধীন ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের সড়কে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি চাপাতি, একটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, তেজগাঁও থানার একটি টহল টিম ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী গ্রেফতার ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় দুষ্কৃতকারী ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে সড়কে ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি রাত ২:৪০ ঘটিকায় সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুমন ও বাবুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি চাপাতি, একটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সুমন ও বাবু পেশাদার মাদক কারবারি ও সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেটসহ আশেপাশের এলাকায় ছিনতাই করতো ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিলো। গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও, হাতিরঝিল ও পল্টন মডেল থানায় ছিনতাই ও মাদকের ১৮টি মামলা রয়েছে এবং তার সহযোগী বাবুর বিরুদ্ধে তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় ছিনতাই ও মাদকের ছয়টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





