ডিএমপি নিউজ: রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো: ছবুর উদ্দিন ছগির ও মিতুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার নীপা বিশ্বাস, পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (৯ জুন) ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি মতিঝিল ইনার সার্কুলার রোড এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিকাল তিনটার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরো জানান, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের নামে ডিএমপির মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।
আজ সোমবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।




