ডিএমপি নিউজ : রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ৩০০ বোতল ফেন্সিডিল ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ। গ্রেফতারকৃত হলো মোঃ সাগর হোসেন।
গতকাল বুধবার রাত ৮:৫৫টায় শাহবাগ থানার তোপখানা রোডে হোটেল মেট্রোপলিটনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।
ধানমন্ডি জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী ডিএমপি নিউজকে বলেন, কতিপয় ব্যক্তি কাভার্ডভ্যানযোগে ফেন্সিডিল নিয়ে যাত্রাবাড়ী থেকে শাহবাগ থানার তোপখানা রোডে হোটেল মেট্রোপলিটনের সামনে আসছে এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাগরকে গ্রেফতার করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সাগরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।




