৩৬ দিন পর প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছাড়াই দিন পার করলো তাইওয়ান।
তাইওয়ানের সেন্ট্রাল এপিডেমিক কমান্ড সেন্টার (সিইসিসি) জানিয়েছে, মঙ্গলবার সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। ৯ মার্চের পর প্রথমবার এ ধরনের ঘটনা ঘটলো।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সে দেশে আক্রান্তের সংখ্যা তিনশ ৯৩ জন। তার মধ্যে প্রাণহানি ঘটেছে ছয় জনের। এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে একশ ২৪ জন। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় নেই কেউ।
জানা গেছে, সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিতদের বেশিরভাগই ইউরোপ ও অ্যামেরিকা থেকে ফিরে আসা। আক্রান্ত ৩৯৩ জনের মধ্যে ৩৩৮ জনই বিদেশ ফেরত। স্থানীয় ৫৫ জন তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে।
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৯৭ হাজার নয়শ ছয়জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৬ হাজার ছয়শ জনের। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩ লাখ ৯২ হাজার সাতশ ৪৯ জন।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৫১ হাজার ছয়শ নয় জনের অবস্থা গুরুতর। তবে চার লাখ ৭৮ হাজার পাঁচশ ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।




