রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ জামাল হোসেন (২৫) ও আলী মতুর্জা (২৬)।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক ৩:২০ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জামাল হোসেন ও আলী মতুর্জাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জামাল হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর থানায় দায়ের করা একটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





