ডিএমপি নিউজ : মেগাসিটি ঢাকার যানজট সহনীয় পর্যায়ে রেখে নগরবাসীর চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল ট্রাফিক বিভাগ।
ট্রাফিক ওয়ারী বিভাগের আওতাধীন সড়কে চলাচলকারী লেগুনাগুলোকে চলাচলের উপযোগী করার লক্ষ্যে সকল লেগুনার মালিককে ৭২ ঘণ্টার মধ্যে লুকিং গ্লাস লাগানোর জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়। এই সতর্কবার্তার তিন দিন পর গতকাল বৃহস্পতিবার (১৬ মে ২০২৪) ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের দিকনির্দেশনায় লেগুনার বিরুদ্ধে অভিযানে নামে ট্রাফিক ওয়ারী বিভাগের পুলিশ সদস্যগণ।
অভিযানে দেখা যায় যে, ৬৮৪টি লেগুনা লুকিং গ্লাস লাগিয়েছে। এ সময় লুকিং গ্লাস না লাগানোর জন্য ৪৩টি লেগুনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক ওয়ারী বিভাগ।
ট্রাফিক ওয়ারী বিভাগে জনসংখ্যার ঘনত্ব অধিক হওয়ায় এবং যানবাহনের তুলনায় রাস্তাঘাট অপ্রতুল হওয়ায় মাঝে মাঝেই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে থাকে পরিবহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারি। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা এবং লেগুনার চলাচল। ট্রাফিক ওয়ারী বিভাগের অধীনে কাপ্তান বাজার, দয়াগঞ্জ, জুরাইন, পোস্তগোলা, লাল মসজিদ, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি, মুন্সিখোলা, যাত্রাবাড়ী, কাজলা, স্টাফ কোয়ার্টার, কুতুবখালী ও দনিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ড রয়েছে। দুর্ঘটনার কারণ যাচাই করে দেখা যায়, লেগুনার লুকিং গ্লাস না থাকা, অপরিপক্ক চালক দিয়ে লেগুনা চালানো ও যান্ত্রিক ত্রুটি এ জন্য দায়ী।
ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, ট্রাফিক ওয়ারী বিভাগ আশা করছে লেগুনার লুকিং গ্লাস থাকায় দুর্ঘটনার হার কমে যাবে। এরপরে ট্রাফিক ওয়ারী বিভাগ লেগুনার গাড়ির চালকগণ যাতে বৈধ লাইসেন্স নিয়ে লেগুনা চালান তা নিয়ে প্রচারণাপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।





